ভাঙা-গড়া

  

পাড় ভাসিয়ে জোয়ার এলো বলে

অন্য পাড়ে দাঁড়িয়ে ছিল সব

ব্রিজের গায়ে শ্যাওলা ধরা দিন

ছায়ার মতন স্পষ্ট দুঃসময়

 

এসব নিয়েই গড়িয়ে যায় দিন

চোখের পাতায় কুয়াশা লেগে থাকে

জল তিরতির নদীর বুকে বাস

জ্যোৎস্না রঙের নির্জনতার সাথে

 

এসব নিয়েই আকুল কোলাহল

নিশিপদ্মে তোমার কান্নামুখ

বিসর্জনে ভেসে চলল ডিঙা

একুল ভেঙে অন্য কুলের পথ

 

একলা হাঁটে ফুলকুড়ানি শহর

শরীরে জুড়ে চিহ্ন অপমানের

খেলা ভাঙারও অনেক খেলা হল

ভেঙেছো সব গড়তেও কি পারো?

 

ব্রিজের গায়ে আলগা শীতের ছোঁয়া

ছায়ার শরীর বদলে যায় রোজ

কুল ভাঙতে বুকের পাটা লাগে

গড়তে তাকে স্বপ্নে ছুঁতে হয়

  

১১ই অক্টোবর, ২০০৬