খড়কুটো

 

একটি চোখ পাথর হোক অন্য চোখে জল

দিকশূণ্য বুকের মধ্যে আঁচল টলোমল

 

এক দৃষ্টে হাড় হাবাতে অন্যটিতে মায়া

ভিড়ের মধ্যে এক চিলতে রোদ্দুরকে পাওয়া

 

একসঙ্গে বাড়ির পথে অন্যসঙ্গে দূরে

তারই মধ্যে আধডোবা মেঘ লটকে কাঁটাতারে

 

একটি হাতে কুঠার থাক অন্য হাতে বাঁশী

বেজন্মা এই সিঁদুরখেলায় হাঁটছি পাশাপাশি

 

একটি মন তোর সঙ্গে অন্যমনে আড়ি

খড়কুটো আর এসব নিয়েই গড়েছি রাজবাড়ী

 

২০ সেপ্টেম্বর, ২০০৬